আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘এক দিন’ গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির প্রচারে এক নতুন ও ব্যতিক্রমী কৌশল নিয়েছেন তিনি। আকাশছোঁয়া টিকিটের দাম কিংবা ব্যয়বহুল ইভেন্টের বদলে সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর এই উদ্যোগ এখন সিনেপ্রেমীদের মুখে মুখে।

আমির খানের ‘লেবার অব লভ’ বা স্বপ্নের প্রজেক্ট ‘এক দিন’ মুক্তি পেয়েছে। ছবিটির প্রচারণার ক্ষেত্রে শুরু থেকেই অভিনব সব কৌশল দেখা যাচ্ছে, যার মধ্যে অন্যতম হলো মুক্তির ৩৯ দিন আগে থেকেই অগ্রিম বুকিং শুরু হওয়া। তবে এখানেই শেষ নয়, এবার দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন খোদ আমির খান ও তাঁর দল। তাও আবার অত্যন্ত স্বল্প মূল্যের টিকিটে!

প্রযোজনা সংস্থার ঘোষণা অনুযায়ী, গত ১ মে মুম্বইয়ের জুহু, মালাড এবং বোরিভিলি অঞ্চলের তিনটি বিশেষ শো-তে উপস্থিত ছিলেন আমির খান ও তাঁর ছবির কলাকুশলীরা। দর্শকরা সরাসরি তাঁদের সঙ্গে ছবিটির দৃশ্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।সাধারণত কোনও তারকার উপস্থিতিতে বিশেষ শো বা মিট-আপ ইভেন্টের টিকিটের দাম অনেক বেশি রাখা হয়। তবে আমির খান এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন। টিকিটের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা হয়েছিল।

সব ধরনের টিকিটের দাম রাখা হয়েছিল মাত্র ৯২ টাকা! তবে ব্যতিক্রম ছিল স্রেফ একটি জায়গায়। বোরিভিলি এলাকার একটি মাল্টিপ্লেক্সে  আসনের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৪৯ টাকা।

 

বর্তমান সময়ে যখন ছবির প্রচারণায় কোটি কোটি টাকা খরচ করা হয় এবং ডিজিটাল মাধ্যমকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন আমির খানের এই মাটির কাছাকাছি পৌঁছানোর কৌশলটি এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, এটি ছবির প্রচারে একটি মাস্টারস্ট্রোক হতে পারে, যা দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনতে সাহায্য করবে।