টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ভরা বর্ষায় এক হবেন আমির-গৌরী

আমির খানের জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আজ ৫ই জুলাই গৌরী স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বিশাল আয়োজন বা চাকচিক্যপূর্ণ কোনো উৎসব নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গতকাল আমিরের বাড়ি সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। বিয়েতে অতিথি সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র কাছের মানুষেরাই উপস্থিত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের ভারী বৃষ্টির মধ্যেও আমিরের বাড়ি সাজানোর কাজ চলছে।

বিপাকে ধ্রুব রাঠী

ইউটিউবার ধ্রুব রাঠীর একটি ভিডিও সরিয়ে ফেলার দাবিতে দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট একটি বড় নির্দেশ দিয়েছে। আদালত কেন্দ্রের ‘গ্রিভান্স অ্যাপেলট কমিটি’ (GAC)-কে আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। ঘটনার সূত্রপাত, আইনজীবী অমিতা সচদেবার করা একটি পিটিশনের প্রেক্ষিতে। অভিযোগ ছিল, ধ্রুব রাঠীর ভিডিওটিতে হিন্দু দেব-দেবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। পিটিশনারের দাবি, বিষয়টি নিয়ে তিনি ইউটিউবের গ্রিভান্স অফিসারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি GAC-তে আবেদন করলেও কোনও সুরাহা হয়নি। এখন দেখার বিষয় চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়।

অমিতাভের রবিবাসরীয় সাক্ষাতে বাধা

মুম্বইয়ে এখন ভারী বর্ষা। প্রতি বর্ষাতেই বলিউডের 'বিগ-বি' অমিতাভ বচ্চনের বাড়ির সামনে জল জমে যায়। অমিতাভের বাংলো 'জলসা'র বাইরে এই রবিবারেও জল জমেছে। এই অবস্থায় অনুরাগীদের সঙ্গে রবিবাসরীয় সাক্ষাতে কীভাবে আসবেন তিনি? চিন্তায় তাঁর অনুরাগীরা। প্রতি রবিবার ভক্তরা ভিড় জমান 'জলসা'র সামনে। অমিতাভও তাঁদের নিরাশ করেন না। বাড়ির বাইরে এসে হাত নাড়তে দেখা যায় তাঁকে।