আজকাল ওয়েবডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হেভিওয়েট বিজেপি নেতা অমিত শাহকে তীব্র আক্রমণ করে পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে চার্জশিট পেশ করেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা।
‘মোটা ভাই জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করে অমিত শাহকে তীব্র আক্রমণ করে তৃণমূল। সেখানে একদিকে যেমন ছিল এসআইআর ইস্যু তেমনই পহেলগাঁও এবং হাথরসের ঘটনা প্রসঙ্গেও অমিত শাহকে আক্রমণ করেন ব্রাত্য।
শনিবার সকালে অমিত শাহ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছিলেন তার প্রত্যেকটিই অস্বীকার করেছে তৃণমূল। এদিন অমিত শাহকে কটাক্ষ করে তাঁর ছবি দিয়ে কার্টুনও বানানো হয় যেখানে লেখা হয়, ‘দেশের সবথেকে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী কে?’
রাজ্যে নারী সুরক্ষা নিয়ে অমিত শাহের অভিযোগের পাল্টা ব্রাত্য হাথরাস, মণিপুর, রাজস্থানের প্রসঙ্গ তুলে আক্রমণ করেন বিজেপিকে। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, 'বিজেপি শাসিত রাজ্যগুলোয় নারী সুরক্ষার কী অবস্থা? মণিপুর নিয়ে কেউ মুখ খোলেন না। হাথরাসে কী ঘটেছিল? ব্রিজভূষণের মতো লোককে মালা পরায় বিজেপি।'
শাহের 'অনুপ্রবেশকারী' অভিযোগে তৃণমূলে পহেলগাঁওয়ে অভিযুক্ত প্রসঙ্গ টেনে অভিযোগ তোলে তদন্ত নিয়ে। ব্রাত্য বলেন, 'পহেলগাঁওয়ের ঘটনায় কারা দায়ী তাঁদের নাম প্রকাশ্যে আনা হল না কেন? বাংলার বেলায় শুধু অনুপ্রেবশকারী।'
এসআইআর প্রসঙ্গে ব্রাত্য তীব্র আক্রমণ করেন বিজেপিকে। সাফ অভিযোগ করেন, 'এটা বিজেপির চক্রান্ত।' শুক্রবারই জানা যায়, একই দিনে দুই দল প্রকাশ করবে চার্জশিট। ভোটমুখী বাংলায় পারদ চড়ছে।
তার মাঝেই অভিযোগ, পাল্টা অভিযোগ। এসবের মাঝেই শনিবার অমিত শাহের উপস্থিতিতে চার্জশিট প্রকাশ করবে বিজেপি। তৃণমূল জমানায় পরিস্থিতি, অবনতি, অবক্ষয় তুলে ধরে।
একই দিনে, শহরে 'ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী'র চার্জশিট প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিজেপির চার্জশিটের প্রত্যাঘাত হল পরের বেলাতেই। সেভাবেই প্রস্তুত ছিল রাজ্যের শাসক দল।
তৃণমূল কংগ্রেস ১৫ বছরের সরকারের, উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে। সভা থেকে তৃণমূল নেতৃত্ব বারে বারে বলছে, কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড তারা তুলে ধরছে মানুষের সামনে।
পালটা গেরুয়া শিবিরের থেকে রিপোর্ট কার্ড দাবিও করেছে। এই পরিস্থিতিতে ভোটের আগে, গেরুয়া শিবিরের পরিকল্পনা কিছুটা ভিন্ন। নিজেদের রিপোর্ট কার্ড নয়, বরং ভোটমুখী বাংলায় মমতা জমানার একগুচ্ছ সমস্যা, অবনতি, অবক্ষয়ের কথা তুলে ধরছে গেরুয়া শিবির। সূত্রের খবর, বিশেষজ্ঞ দল তৈরি করেছে ওই চার্জশিট।















