'বাংলাকে ভাগ করার চেষ্টা', মহিলা সংরক্ষণের সঙ্গে পুনর্বিন্যাস বিল যুক্ত হল কেন? কেন্দ্রকে তুলোধোনা মমতার

Mamata Banerjee

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে কেন্দ্র তিনটি বিল পেশ করেছে সংসদে। এই বিল পেশ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এবার নির্বাচনী প্রচারে ঘোকসাডাঙার ছোটশিমূলগুড়ি গ্রাউন্ডের জনসভা থেকে এই প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির।

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, 'এখন বলছে বিল আনছে, মহিলাদের কত অসম্মান দেখুন। আমরা মনপ্রাণ দিয়ে মহিলাদের ৩৩% সংরক্ষণ নিয়ে সমর্থন করেছি। সংসদেও লড়াই করেছি।'

তিনি আরও জানান, 'এই সংরক্ষণ অনেক দিন ধরে লড়াই চলছে। এর সঙ্গে পুনর্বিন্যাস বিল যুক্ত করা হল  কেন? মহিলা বিল আলাদা বিল, পুনর্বিন্যাস বিল আলাদা বিল। এটা বাংলাকে ভাগ করার চেষ্টা, দেশ ভাগ করার চেষ্টা। দুটো বিল কখনও একসঙ্গে হতে পারে না। এটা ভোট কাটার চক্রান্ত, এনআরসি করার চক্রান্ত। এই পরিকল্পনায় পা দেবেন না।'

উল্লেখ্য, বিরোধীদের তুমুল হই-হট্টগোলের পরেও সংসদে তিন বিল পেশ করল কেন্দ্র। ভোটাভুটিতেও হার মানতে হল বিরোধীদের। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের প্রস্তাবিত মহিলা আসন সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করা হয়।

এদিন অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল উপস্থাপনের প্রস্তাব দেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল উপস্থাপন করেন।

কংগ্রেস সাংসদ কে.সি.ভেনুগোপাল এই তিনটি বিলই পেশ করার বিরোধিতা করেন। বিরোধীদের তরফে ভোটাভুটির আবেদন করা হয়। প্রথমে স্পিকার সেই পরামর্শে রাজি হননি।