আজকাল ওয়েবডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তুমুল ক্ষোভ। হাঁসখালির তৃণমূল নেতা হাজির হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে।
তৃণমূল নেতা তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সর্বভারতীয় সভাপতি এবং হাঁসখালি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রমথ বসু আজ দেখা করতে এলেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অবশ্য রয়েছেন দিল্লিতে। কথা হয়েছে শান্তনুপত্নী সোমা ঠাকুরের সঙ্গে।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ করলেন তিনি। শান্তনুর বাড়িতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। তাহলে কি বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে তাঁর মধ্যে কোন ক্ষোভ তৈরি হয়েছে!
এই প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। ইতিমধ্যেই দুই দলের পক্ষ থেকে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে তাঁর নাম না থাকায় কি তিনি মনঃক্ষুন্ন হয়েছেন? যদিও তিনি এই সাক্ষাৎকারকে একান্তই সৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন।
সূত্রের খবর, বুধবার সকালে প্রথমে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে দেখা করেন প্রমথ বসু। এরপরই তিনি পৌঁছে যান বনগাঁর ঠাকুরবাড়িতে। শান্তনু ঠাকুর দিল্লিতে থাকায় তাঁর স্ত্রী সোমা ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে জানা গেছে। মমতা ঠাকুর অবশ্য সমস্ত জল্পনা উড়িয়ে দেন।
এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, "ওঁনার অনেক বয়স হয়েছে। দল তো ইতিমধ্যে তাঁকে দায়িত্ব দিয়েছে ৷ উনি ধর্মুয় মেলায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছে সকলের সঙ্গে৷"
অন্যদিকে এ প্রসঙ্গে সোমা ঠাকুর বলেন, "হয়তো ওঁনার কোনও ক্ষোভ বা মনে ব্যথা আছে। তবে ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারেন।"
