মিল্টন সেন: চাপদানির তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে বাংলায় ভোটের প্রচারে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার চাপদানি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জোড়া মন্দির ময়দানে আয়োজিত সভায় একযোগে বিজেপিকে আক্রমণ করেন তেজস্বী।

তিনি বলেন, ‘বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো বিজেপি সরকারের কাজ। পড়াশোনার ব্যবস্থা করা, ওষুধের ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করাটা সরকারের কাজ হওয়া উচিত। কিন্তু এদের কাজ হিন্দু এবং মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো।’

তিনি বলেন, ‘মাছ খাওয়ার বিরোধিতা করছে। যেখানে নির্বাচন হচ্ছে, সেখানে গিয়ে বলছে ঘুসপেটিয়া চলে এসেছে।’ তেজস্বীর কথায়, ‘মোদিজি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন।’ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি শুধু মিথ্যাকথার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি অভিযোগ করেন, ‘বিজেপির ভাষা অতীব জঘন্য। ওরা বলছে, ৪ তারিখ তৃণমূলকে উল্টো করে ঝুলিয়ে দেবে।’ আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই বুদ্ধিমান মানুষ। আপনারা জানেন দিদি পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। বিজেপি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন সহ কেন্দ্রীয় নেতৃত্ব এমনকী বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিদিকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে।’

তিনি বলেন, ‘দিদি যা উন্নয়ন করেছেন তাতে বাংলা থেকে দিদিকে কেউ সরাতে পারবে না। এখান থেকে আবার দিদিই জিতবেন। ২০২৯ সালে আমরা মোদিকে কেন্দ্র থেকেও সরিয়ে দেব।’

ছবি: পার্থ রাহা