আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণের দিন মাথাভাঙা বিধানসভার বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাল। 

কোচবিহার চা বাগানের ৪৭ ও ৪৮ নম্বর বুথকে কেন্দ্র করে দুই দলের প্রার্থী মুখোমুখি হন। এরপরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাথাভাঙা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মন।

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থী ভোটারদের মধ্যে টাকা বিলি করছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই অভিযোগ ঘিরেই দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।

একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দুই পক্ষের কর্মী-সমর্থকেরা একে অপরের দিকে তেড়ে আসতে শুরু করেন।

কখনও বিজেপি প্রার্থীর সমর্থকরা এগিয়ে আসছেন, আবার কখনও তৃণমূল প্রার্থীর অনুগামীরা পাল্টা প্রতিরোধ করছেন। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাঁদের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।