আজকাল ওয়েবডেস্ক: ঝাড়গ্রামে জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ভিডিও বর্তমানে ভাইরাল। ১০ টাকার ঝালমুড়ি কিনে আশেপাশের বাচ্চাদেরও খাইয়েছেন প্রধানমন্ত্রী।
মোদির ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে এবার ‘ভোটের আগে নাটক’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বীরভূমের মুরারইয়ে জনসভা ছিল তৃণমূল সুপ্রিমোর।
সেখান থেকেই প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াটা গোটাটাই নাটক। তাঁর অভিযোগ, আগে থেকে দোকানে মাইক ফিট করে রাখা ছিল।
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দোকানে মাইক ফিট করিয়ে এসপিজিকে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়ে খাচ্ছে। ১০ টাকা কখনও পকেটে থাকে ওনার? কত নাটক!’ তিনি আরও অভিযোগ করেন, ‘নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকে। কখনও নির্বাচনের সময় বলে আমি চা-ওয়ালা।’
ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি নিজেদের তৈরি করা না-ই হবে তাহলে আগে থেকে দোকানে ক্যামেরা ফিট করা ছিল কী করে? জিজ্ঞেস করে দেখুন, সব নাটক।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের টানা নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই এক অন্যরকম মুহূর্ত তৈরি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামে সভা শেষ করে হেলিপ্যাডে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারের একটি ছোট দোকানে থেমে ঝালমুড়ি খেতে দেখা গেল তাঁকে।
মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একটি সাধারণ রাস্তার দোকান, চারপাশে ভিড় করা সাধারণ মানুষ—মহিলা, শিশু ও দলীয় কর্মীদের মধ্যে বসেই তিনি ঝালমুড়ি উপভোগ করেন।
এমনকী পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের দিকেও এগিয়ে দেন সেই ঝালমুড়ির অংশ, যা উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করে। এর আগেও বিভিন্ন রাজ্যে প্রচারের সময় রাস্তার ধারের চায়ের দোকানে চা খাওয়া বা স্থানীয় খাবার চেখে দেখার মাধ্যমে নিজের ‘চা-ওয়ালা’ পরিচিতিকে বারবার সামনে এনেছেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদির এই ধরনের আচরণ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক কৌশল হিসেবেই দেখা হয়। গুজরাট, উত্তরপ্রদেশ কিংবা অসম বিভিন্ন জায়গায় তাঁর এমন ‘স্ট্রিট কানেক্ট’ আগেও নজর কেড়েছে।















