আজকাল ওয়েবডেস্ক: ভোট দিতে এসে জানলেন, তাঁর ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চর গোয়ালপাড়ায় এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল দ্বিতীয় দফার ভোটগ্রহণে।

চর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন ভোট দিতে যান চর গোয়ালপাড়া এস এস কে স্কুলের ১১৫ নম্বর বুথে। ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর নামে আগেই ভোট পড়ে গেছে। অভিযোগ, অন্য কেউ তাঁর ভোট দিয়ে দিয়েছে।

ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথ চত্বরে। প্রশ্ন উঠছে, নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে একজন ভোটারের ভোট অন্য কেউ দিয়ে দিতে পারল?

মনোয়ারা খাতুন জানান, তিনি বিষয়টি বুথে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও প্রিসাইডিং অফিসারকে জানান। তবে তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি বলেই অভিযোগ করেছেন তিনি।

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পেরে শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হয় মনোয়ারাকে। কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও ঘটনাকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।