আজকাল ওয়েবডেস্ক: ভোট গণনাকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি শুরু করল বিজেপি। আগামী ৪ মে ভোট গণনার আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে দু’দিনের বিশেষ কর্মশালার আয়োজন করেছে রাজ্য বিজেপি। ১ মে ও ২ মে এই গণনা কর্মশালা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

কর্মশালায় বুথ স্তরের কর্মীদের ভোট গণনার সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হবে। পাশাপাশি, গণনা চলাকালীন কোনও বিশেষ পরিস্থিতি তৈরি হলে তা কীভাবে দ্রুত রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দিতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এই কর্মশালায় কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ভোট গণনার আগে বিজেপির এই প্রস্তুতিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গণনার আগে এদিন ভিডিওতে কর্মীদের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ভোটের ফল ঘোষণার আগেই, একপ্রকার ভবিষ্যৎ জানিয়ে দিলেন। সাফ বার্তায় বললেন, ‘২০২৬-এ ২২৬ ক্রস করব।’

বৃহস্পতিবার মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তাতে তিনি একদিকে যেমন ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন, দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তেমনই দলের কর্মীদের আগামী কয়েকদিনের জন্য কর্তব্য বাতলে দিয়েছেন।

মমতা বলেন, ‘প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে, কেন্দ্র সরকার, ১৯টি রাজ্যের বিজেপি নেতা, অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে, যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিল, জব্দ তারা ভোটবাক্সে গিয়ে গিয়েছে।’ 

এক্সিট পোল নিয়ে বড় বার্তা দেন এদিন। বলেন, ‘আমি এটা নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপির অফিস থেকে কাল বেলা ১টা ৮মিনিটে সার্কুলেট করেছে, টাকা দিয়ে করেছে, যাতে এটা দেখানো হয়।’

তাঁর অভিযোগ জোরপূর্বক করা হচ্ছে এটা। তারপরেই মমতা বলেন, ‘আমরা ২৩০’ও পেয়ে যেতে পারি। ২২৬ ক্রস করব ২০২৬ সালে। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি ভরসা, বিশ্বাস, আস্থা আছে।’