আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। তার আগে সোমবার বিকেল থেকে রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান।
আর মঙ্গলবার সকালে বাইক ব্যবহার করা নিয়ে বড়সড় ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বাংলায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে বিঘ্ন রোধে রাজ্যজুড়ে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।
ভোটের দু’দিন আগে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনও মোটরবাইক র্যাজলি করা যাবে না।
জানানো হয়েছে, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে পিলিয়ন রাইডার (যারা বাইকের পিছনে বসেন) নেওয়া যাবে না। তবে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, পারিবারিক অনুষ্ঠান বা প্রয়োজনীয় ক্ষেত্রে, যেমন স্কুলপড়ুয়াদের নিয়ে আসা-যাওয়া, এই নিয়মের ব্যতিক্রম থাকবে।
ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মোটরসাইকেলে পিলিয়ন রাইডার হিসেবে ভোট দিতে যাওয়া বা অন্যান্য জরুরি প্রয়োজনে বাইকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে কমিশনের তরফে।
তবে বিশেষ প্রয়োজনে এই বিধিনিষেধ থেকে ছাড় পেতে সংশ্লিষ্ট এলাকার থানার কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।
















