আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পুনর্নির্বাচনের সুপারিশ। এক বিবৃতি মারফত জানানো হয়েছে, শনিবার মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ডহারবারের ৪টি বুথ রয়েছে।
পুনর্নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শুক্রবার বিকেল নাগাদ নির্বাচন কমিশন একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে লেখা নির্দেশিকায় শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে।
১৫টি বুথই দক্ষিণ ২৪ পরগনা জেলার। জানানো হয়েছে, সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত এই ১৫টি বুথে নির্বাচন হবে। কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচন হবে।
একনজরে দেখে নেওয়া যাক শনিবার কোন কোন বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে।
বিধানসভা কেন্দ্র-মগরাহাট পশ্চিম:
উত্তর ইয়ারপুর স্কুল, রুম ২
নাজরা এফপি স্কুল, রুম ১
নাজরা এফপি স্কুল, রুম ২
দেউলা এফপি স্কুল, রুম ১
ঘোলা নোয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, রুম ২
একতারা মালায়া এফপি স্কুল, রুম ১
একতারা মালায়া এফপি স্কুল, রুম ২
একতারা মালায়া ধোরা এফপি স্কুল, রুম ১
বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল, রুম ১
বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল, রুম ২
বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল, রুম ৩
বিধানসভা কেন্দ্র-ডায়মন্ড হারবার:
বাগদা জুনিয়র হাই স্কুল
চন্দা এফপি স্কুল, রুম ২
হরিদেবপুর এফপি স্কুল
রায়নগর এফপি স্কুল রুম ২
তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পুনর্নির্বাচনের প্রসঙ্গে জানিয়েছেন, এই পুনর্নির্বাচন করা হচ্ছে যাতে বিজেপির হারের মার্জিনটা একটু কমে।
তিনি বলেন, 'যে সমস্ত বুথগুলোতে পুনর্নির্বাচন হচ্ছে সেই বুথগুলোতে ইতিমধ্যেই বাংলার মানুষ রায় দিয়েছেন। পুনর্নির্বাচন হলেও ফলের খুব একটা বেশি তারতম্য হবে না। তবু চেষ্টা চলছে পুনর্নির্বাচন করিয়ে যাতে বিজেপির হারের মার্জিন কিছুটা কমানো যায়। এর থেকে বেশি কিছুই নয়।'
মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক সামিম আহমেদ বলেন, 'বিধানসভার অবজারভার এবং আরও-এর উপস্থিতিতে স্ক্রুটিনি করা হয়। তখন তো কোনও সমস্যার কথা জানাননি তাঁরা। তাহলে এখন কেন রিপোল? এভাবে সাধারণ ভোটারদের হেনস্থা করা যায়না। কমিশনের ওপরে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এত সাঁজোয়া গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার। তাও ঠিকভাবে নির্বাচন করাতে পারল না। এই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।'
















