বিজেপির ধাক্কায় কার্যত ধসে গিয়েছে তৃণমূলে ১৫ বছরের শাসন । শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ২২,২৬০ ভোটে জিতলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে পরাজিত করে জয়ী হলেন হিরণ।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে,অভিনেতা-রাজনীতিবিদ হিরণ্ময় ওরফে হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর সদরের পরিবর্তে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি । উলুবেড়িয়ার ছেলে হিরণকে তাঁর নিজের জেলাতেই বড় দায়িত্ব দিয়েছিল গেরুয়া শিবির।
২০২১ সালে খড়্গপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন হিরণ। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিধায়ক হিরণকে তৃণমূল কগ্রেসের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের বিরুদ্ধে প্রার্থী করে বিজেপি। এরপর ফের এই ২০২৬-এর বিধানসভা। শ্যামপুরে হিরণের মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে লড়েছিলেন নদেবাসি জানা, বামফ্রন্টের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অসিতবরণ সাউ (ফরোয়ার্ড ব্লক) এবং কংগ্রেস টিকিট দিয়েছিল মঞ্জু আলম-কে।
স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করে বিতর্কের মুখে পড়েন হিরণ। এমনকী, এ বার টিকিট পাবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়। বিজেপির প্রথম দফায় প্রার্থীতালিকায় না থাকায় অনেকেই ভেবেছিলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে হিরণ টিকিট পাবে না৷ তবে একাধিক ব্যক্তিগত বিতর্ক ও নির্বাচনী এলাকার বাইরে কাজের অভিযোগের মাঝেই হিরণ বিজেপির দ্বিতীয় দফার তালিকায় স্থান পেয়েছিলেন।
















