আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ ছিল বৃহস্পতিবার। ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন তিনি। তার ঠিক আগের রাতেই বিজেপির প্রচার গাড়িতে হামলা ও চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌর প্রধান।  

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালানো হচ্ছিল। 

জানা গিয়েছে, চন্ডিপুর থেকে প্রচার করার সময় চাকারবেড়িয়া এলাকায় ওই চালককে প্রচার করতে বারণ করা হয়। এরপরই লাঠিসোঁটা নিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় টোটো, ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার।  

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। রাতেই বারুইপুর থানায় অভিযোগ জানানো হয়েছে।  

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের পৌর প্রধান সুরজিৎ পুরকায়েত। তিনি বলেন, “এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। নিজেদের গোষ্ঠী কোন্দল বা টোটো ভাড়া নিয়ে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে দেখুক। যারা দোষী, তারা অবশ্যই শাস্তি পাক।”