আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুরে মধ্যরাত। রাজ্যে দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আচমকা থানায় পৌঁছন বেচারাম মান্না। থানার গেটের সামনে মাটিতে বসেই চলে স্লোগান, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি।
সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার অভিযোগ, রাতের অন্ধকারে সিঙ্গুর ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডলকে থানায় তুলে নিয়ে এসে আটকে রেখেছে পুলিশ। তিনি দাবি তোলেন, অবিলম্বে তাঁকে ছেড়ে দিতে হবে। তিনি আরও জানান, বিভিন্ন কর্মীদের বাড়ি থেকে তুলে এনে থানায় বসিয়ে রাখা হচ্ছে।

বেচারাম মান্নার অভিযোগ, থানায় যাঁদের নামে আদৌ কোনও অভিযোগ নেই, তাঁদের থানায় নিয়ে এসে হয়রানি করা হচ্ছে।
রাতে অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডলকে থানায় তুলে নিয়ে এসে আটকে রাখে পুলিশ। অভিযোগ, বিজেপিকে জেতানোর জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এই ধরনের কাজ করছে।
অন্যদিকে, সিঙ্গুরের বুড়িগ্রাম এলাকায় এক তৃনমূল কর্মী সনৎ কুমার ধারা রাতে নিজের বাড়ির সামনে বসেছিলেন। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ তাঁকে বেধড়ক মারধোর করে। রক্তাক্ত অবস্থায় পরে তাঁকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কর্মীকে দেখতে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না হাসপাতালে আসেন।
















