আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় অভিযানে নামল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কমবাইন্ড অপারেশনে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০৯৫ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

জেলা ভিত্তিক হিসেব অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৩১৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ জন, কলকাতা উত্তরে ১০৯ জন, হুগলিতে ৪৯ জন, নদিয়ায় ৩২ জন এবং হাওড়ায় ৩২ জনকে আটক করা হয়েছে।

এই অভিযানের মধ্যেই পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নাড়ু ভগতকে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত ৩৬ ঘণ্টায় রাজ্যজুড়ে মোট ১৫৪৩ জন ‘ট্রাবল মঙ্গার’-দের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের দাবি, নির্বাচনের আগে সম্ভাব্য অশান্তি রুখতে, এলাকায় শান্তি বজায় রাখতে এবং দ্বিতীয় দফার নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগেই স্পষ্ট জানিয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে হবে। সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়, প্রতিটি জেলায় এলাকাভিত্তিক অভিযান চালিয়ে সমাজবিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তারই জেরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে ধারাবাহিকভাবে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। ভোটের আগে রাজ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।