আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের আগে সোমবার প্রচার শেষ হল। শেষ ব়্যালি সম্পূর্ণ করে বাংলা ছাড়ার পরেই ভোটের আগে রাজ্যবাসীকে বিশেষ অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানে আপামর বাঙালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি বললেন, ‘বাংলায় আমার প্রত্যেক পরিবারের সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছি। এই নির্বাচনী প্রক্রিয়ার সময় আমি বাংলায় এক অন্য ধরনের শক্তির অনুভূতি পেয়েছি। এত ব়্যালি এবং রোড শো-এর পরেও আমি বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করিনি।’
খোলা চিঠিতে মোদি বললেন, ‘এই পরিবর্তন এখন বাংলার জনসাধারণের সংকল্প হয়ে উঠেছে। সাধারণ মানুষ এটাই বলছে। অনেক ভয় পেয়েছেন, অনেক হয়েছে। এখন আর ভয় নয়, এখন ভরসা চাই।’
এদিন প্রচার শেষে মোদি বললেন, ‘বিকেল ৫টায় নির্বাচনী প্রচার শেষ হল। এই নির্বাচনের আমার শেষ ব়্যালিটিও এইমাত্র শেষ হয়ে গেছে।’
২০২১ সালেও মোদি-অমিত শাহ মিলে বাংলা দখলের মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু শোচনীয় ফলাফল হয়েছিল। এবার ২০২৬ সালেও ডেইলি প্যাসেঞ্জারি করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও টানা বাংলায় প্রচারে এসেছেন। অমিত শাহ টানা ১৫ দিন বাংলায় থেকেছেন। এবার তৃণমূলকে হারিয়ে বাংলার শাসক হতে মরিয়া বিজেপি।
সে কারণে প্রচার শেষেও বাংলার জনগণের উদ্দেশ্যে মরিয়া মোদি। অডিও বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলার সেবা করা, বাংলাকে সুরক্ষিত রাখা, এটা আমার পরম দায়িত্ব। বাংলার সামনে উপস্থিত হওয়া, প্রত্যেকটি কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করা। এটা আমার ভাগ্যের মধ্যেও আছে। এটা আমার দায়িত্বও বটে। আমি আমার এই গুরু দায়িত্ব থেকে কখনোই পিছু হটব না। আমি আপনাদের ভরসা দিচ্ছি যে এই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার যে উৎসব, তা আমরা সবাই মিলে পালন করব।’















