আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে এখনও বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরই মধ্যে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি নেতা মেঘনাথ পালের নামে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, "নন্দীগ্রামের বিধায়ক হিসেবে মেঘনাথ পালকে দেখতে চাই", পাশাপাশি "আপনার মূল্যবান ভোটে গড়ে উঠুক শক্তিশালী ও উন্নত নন্দীগ্রাম"- এমন বার্তাও দেওয়া হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। ইতিপূর্বে আরও এক নন্দীগ্রামের বিজেপি নেতা অঞ্জন ভারতীর নাম সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল।
তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টি একটি সুশৃংখল দল। যা কিছু সিদ্ধান্ত হবে রাজ্য স্তর এবং কেন্দ্র স্তর থেকে। কিছু উৎসাহী কর্মী এমন হয়তো করছেন। এই দলে ব্যক্তি বড় নয় দল বড়, দলের থেকে দেশ বড়। দল থেকে যাকে ঠিক করা হবে সেই পদ্মফুল প্রতীককে সবাই বেছে নেবে।
এবারের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকেও জয়লাভ করায় তাঁকে এই আসনটি ছাড়তে হয়েছে। তবে নন্দীগ্রামের বাসিন্দারা চাইছেন নন্দীগ্রামের হোক বা বহিরাগত, যিনি প্রার্থী হবেন যেন শুভেন্দু অধিকারীর মতো আপন হতে পারেন।















