আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য পরিষেবার একাধিক সমস্যা সামনে আসছে বলে দাবি করা হয়েছে। সেই প্রেক্ষাপটে জেলার সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবার মান খতিয়ে দেখতে শুক্রবার জেলা সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

এদিন সফরের শুরুতেই তিনি হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত নানা সমস্যার খোঁজ নেন।

হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করেন তিনি। এরপর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেও তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়েও খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শারদ্বত মুখোপাধ্যায় জানান, জেলার দুটি হাসপাতাল ঘুরে দেখার পর তাঁর মনে হয়েছে, বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালই সবচেয়ে ভাল ভাবে পরিচালিত হচ্ছে।

তবে যেখানে কিছু ত্রুটি বা ঘাটতি রয়েছে, সেগুলিও দ্রুত সংশোধন করা হবে বলে আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, হাসপাতালগুলিতে যে সমস্ত ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলি অল্প সময়ের মধ্যেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।