আজকাল ওয়েবডেস্ক: শনিবার ব্যারাকপুরে আয়োজিত কৃষক সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলতি বছরেই আরও এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের ঘোষণা করলেন। কৃষকদের উন্নয়ন, পাট চাষের প্রসার এবং পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিকে কেন্দ্র করেই এদিন সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তুভ বাগচি, উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, কেন্দ্রীয় পাট ও তন্তু গবেষণা কেন্দ্রের নির্দেশক ড. গৌরাঙ্গ কর-সহ পাটচাষি, ভাগচাষি ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের সূচনায় একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী। সেখানে পাটজাত বিভিন্ন সামগ্রী, যা বিদেশে রপ্তানি করা হয়, সেগুলি ঘুরে দেখেন তিনি। পাশাপাশি উৎপাদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের কাজকর্ম ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে আয়োজিত কৃষক সম্মেলনে কৃষকদের হাতে কৃষি উপকরণ ও উন্নত মানের পাটবীজ তুলে দেন মন্ত্রী ও অন্যান্য অতিথিরা। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পাটচাষে নতুন উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, চলতি বছরে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে আরও এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী দিনে পাটের ফলন বৃদ্ধি এবং পাট থেকে আরও উন্নতমানের পণ্য উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়া হবে। একই সঙ্গে প্রায় পাঁচ দশক পর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একযোগে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করে বর্তমান পরিস্থিতিকে উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে তুলে ধরেন মন্ত্রী। কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে পাটশিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ ও কৃষক প্রতিনিধিরা।















