দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও লোক ভবনের আধিকারিকদের পরিচয় দিয়ে প্রতারণামূলক ফোন করার অভিযোগ। এই ঘটনায় সাধারণ মানুষ ও সরকারি আধিকারিকদের সতর্ক করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে লোক ভবন।

লোক ভবনের দাবি, +৯১ ৯৮৩৬৫ ৪০১৬৩ নম্বর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল বা লোক ভবনের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং অন্যান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে লোক ভবন ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে তদন্ত।

প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, রাজ্যপাল বা লোক ভবনের কোনও আধিকারিকের পরিচয়ে আসা কোনও অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ফোনকল বা বার্তার ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে অবশ্যই লোক ভবনের সঙ্গে যোগাযোগ করে তার সত্যতা যাচাই করতে হবে।

একই সঙ্গে, এ ধরনের কোনও ফোনকল পেলে বা প্রতারণা সংক্রান্ত কোনও তথ্য থাকলে তা অবিলম্বে লোক ভবনকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য ০৩৩-২২০০-১৬৪১ থেকে ৪৪ নম্বরে যোগাযোগ করা অথবা generalcellgs@gmail.com ই-মেলে তথ্য পাঠানোর আবেদন জানানো হয়েছে।