আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার, ২০ জুন থেকে দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরকে কেন্দ্র করে ইতিমিধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। স্বয়ং প্রধানমন্ত্রী টুইট করে তাঁর এই কর্মসূচির কথা জানিয়েছেন।
আগামী কাল রাজ্য জুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ দিনে হুগলি জেলার ঐতিহাসিক তারকেশ্বরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই স্থানটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঐতিহ্যকে সম্মান জানাতেই মোদির এই সফর।
দু'দিনের এই সফরে কেবল উৎসব পালনই নয়, রাজ্যের জন্য একগুচ্ছ উপহারও নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। তারকেশ্বর থেকেই বেশ কিছু নতুন উন্নয়নমূলক কাজের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। ২০ ও ২১ জুন- এই দু’দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে।
দু'দিন বাংলাতেই কাটাবেন প্রধানমন্ত্রী। একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও বাংলার সংস্কৃতিকে কুর্ণিশ, অন্যদিকে তারকেশ্বর থেকে নতুন উন্নয়নের রূপরেখা তৈরি- প্রধানমন্ত্রীর এই জোড়া কর্মসূচি ঘিরে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা।















