আজকাল ওয়েবডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ উজ্জ্বল করল বিদ্যানগরের শ্যামদাস গ্রামের বাসিন্দা সৌরিদ্ধ মণ্ডল।
কৃতী ছাত্রের এই সাফল্যে পরিবার, স্কুল এবং গোটা এলাকায় এখন আনন্দের আবহ। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সৌরিদ্ধর স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা।
সেই লক্ষ্যপূরণের পথে বড় সাফল্য এনে দিল জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের দ্বিতীয় স্থান অর্জনের কৃতিত্ব। সৌরিদ্ধ পড়াশোনা করেছে জোকার বিবেকানন্দ মিশন স্কুলে। এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
কম্পিউটার তার পছন্দের বিষয় হলেও গণিতই সবচেয়ে বেশি ভাল লাগে বলে জানিয়েছে সৌরিদ্ধ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান আগ্রহ রয়েছে সৌরিদ্ধর। ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে ভালবাসে সে।
প্রতিদিন প্রায় সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করলেও খেলাধুলার জন্য নিয়মিত সময় বের করত। নিজের সাফল্যের পিছনে বাবা-মা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সৌরিদ্ধ।
তার বাবা কাস্তে কুমারী হাইস্কুলের গণিত শিক্ষক এবং মা আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বাবা সবসময় পাশে থেকেছেন বলে জানিয়েছে সৌরিদ্ধ। খাবারের বিষয়ে বিশেষ কোনও বাছবিচার না থাকলেও মায়ের হাতের তৈরি চিংড়ির মালাইকারি এবং চিকেন সৌরিদ্ধর প্রিয়।















