রিয়া পাত্র

মমতার আস্থাভাজন। তাঁর দলের হয়েই ভোট জিতেছেন। কিন্তু এখন নাম লিখিয়েছেন বিদ্রোহী শিবিরে। এবার সেই সাংসদ বললেন আরও বড় কথা। 

কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, যেসব সাংসদরা বিদ্রোহী শিবিরে সই করে, চিঠি জমা দিয়েছেন সাংসদদের, তাঁদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও। তাঁকে সেদিনের 'গোপন' বৈঠকে বসে থাকতে দেখাও গিয়েছিল। তবে তথ্য, তিনি বেশ খানিকটা অসুস্থও। চলছে চিকিৎসা। 

এই পরিস্থিতিতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি জানিয়েছেন, 'আমি অসুস্থ। চিকিৎসা চলছে। হাসপাতালে ছিলাম। কয়েক ঘণ্টার জন্য গিয়েছিলাম বৈঠকে। শরীর ভাল নেই খুব একটা।'

বৈঠকে আলোচনা কী হল? অরূপ বলছেন, 'আমরা বৈঠক করি। তারপর সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী আসেন।' তারপর?  বাঁকুড়ার সাংসদ বলছেন, 'দেখুন, আমার বা আমাদের একটা বিষয় ভাবাচ্ছে, আমরা দু'বছর আগেও ভোট জিতেছি। তারপর কী এমন হল, যে আমাদের দলের এই অবস্থা। এই যে মারামারি, অশান্তি। উলটে আমাদের তো খুব ভালো লেগেছে এই বর্তমান মুখ্যমন্ত্রীকে, যে অন্তত একটা স্থিতাবস্থা ঠিক করেছে।'

কিন্তু তার সঙ্গে পৃথক ব্লক তৈরির সম্পর্ক? সেখানেই ক্ষোভের প্রকাশ। অরূপ বলছেন, 'দেখুন, কাকলিদির প্রসঙ্গ ধরুন। প্রথমে তাঁকে একটা পদে বসানো হল। তারপর সরিয়ে দএয়া হল। কে বলেছিল পদে বসাতে, কে বলল সরিয়ে দিতে? মহম্মদ বিন তুঘলকের মতো সিদ্ধান্ত। এতে তো ক্ষোভ হওয়া স্বাভাবিক।'

একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক প্রসঙ্গেও। বলছেন, 'অভিষেক বাচ্চা নয়। মার্জিত কথাবার্তা। কিন্তু মাঝে মাঝে এমন সব মন্তব্য করেছে, তাতে আমরা লজ্জিত। আমাদের মাথা হেঁট হয়েছে।' উল্লেখ্য, ভোটে তৃণমূল হারার পর থেকে, দলের বেশিরভাগ নেতা-নেত্রী অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই তালিকাতেই দিনে দিনে যুক্ত হচ্ছে নেতা-নেত্রীদের নাম।