আজকাল ওয়েবডেস্ক: খাটের তলায় লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা। বাইরে তখন চলছে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙায়। সেখানকার এই তৃণমূল নেতা পেশায় সিভিক ভলান্টিয়ার। নাম শহিদুল মিঞা। স্থানীয় বাসিন্দাদের দাবি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। এরপরই থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিক্ষোভ এবং পুলিশের হাত থেকে বাঁচতে এই তৃণমূল নেতা সোজা লুকিয়ে পড়েন নিজের ঘরের খাটের তলায়। এরপর মাথাভাঙা থানার পুলিশ গিয়ে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ এই নেতার বিরুদ্ধে আবাসে কাটমানির অভিযোগও রয়েছে। সেখানে তিনি নাকি গড়ে ৫ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি খেতেন। পাশাপাশি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা সরব ছিলেন। তবে এতদিন তারা মুখ ফুটে কিছু বলতে পারেননি। এবার তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই তার বাড়িতে গিয়ে তল্লাশি করে পুলিশ। ভয়ের চোটে নিজের বাড়ির খাটের নিচেই লুকিয়ে যান তিনি। এরপর তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে পুলিশ গ্রেপ্তার করে।
















