আজকাল ওয়েবডেস্ক: একে একে 'দিদি'র হাত ছাড়ছেন তাঁর একসময়ের অনুগামীরা। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন সরাসরি অভিষেকের বিরুদ্ধে। কেউ ভোট কৌশলী সংস্থা আই প্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ আবার আঙুল তুলছেন, বেশকিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর 'অন্ধবিশ্বাসের' দিকে। কাকলি ঘোষ দস্তিদার থেকে, ঋতব্রত ব্যানার্জি, বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় ফাটল চওড়া হয়েছে আগেই। অসন্তোষ প্রকাশ করেছেন কল্যাণ ব্যানার্জিও। এবার কি 'দিদি'র উপর থেকে আস্থা হারাচ্ছেন তাঁর 'শিষ্য' অনুব্রত মণ্ডলও। অনুব্রত মণ্ডল তৃণমূলের ভরাডুবির মাঝে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে রীতিমতো শরগোল রাজ্য রাজনীতিতে।
সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূমের নেতা। তিনি সাফ কাঠগড়ায় তুলেছেন আই-প্যাককে। বলছেন, 'এগারো সালে যখন দল ক্ষমতায় আসে, তখন আইপ্যাক ছিল না। কংগ্রেসকে চটানো আমাদের ভুল হয়েছে। কিন্তু কে কার কথা শোনে.১৪-১৬-১৯, আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হল কেন? আজ ভরাডুবি হল আই-প্যাকের জন্য।'
তাঁর সংযোজন, 'মিস-গাইড করল আইপ্যাক। দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুলল। পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, পদ পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছে। জেগে ঘুমোলে দলের এই অবস্থা হবেই।'
এখানেই শেষ নয়। অনুব্রতর অভিযোগ, কটাক্ষ আরও তীব্র হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, 'একজন ইউপি-বিহারের মানুষ লাভপুরকে কতটা বুঝতে পারবে।' উল্লেখ্য, ২০২২ থেকেই, তৃণমূলের একাধিক স্তরের নেতা নেত্রীরা এই প্রশ্ন তুলেছেন। ২৬-এর ভোটে হারের পর, সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে।















