মিল্টন সেন, হুগলি: ছাগল চুরি করে পালাচ্ছিল অ্যাম্বুলেন্সে। কিন্তু হঠাৎই পালানোর সময় বিপত্তি। খোদ পুলিশের হাতে ধরা পড়ল তিন চোর। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে দাদপুর থানার অন্তর্গত দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে। ওই দিন রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স নিয়ে ছাগল চুরি করতে বেরিয়েছিল তিনজন। রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স নিয়ে ছাগল চুরি করতে বেরিয়েছিল তিন ব্যক্তি। একটি গৃহস্থের গোয়াল থেকে এর পর দু'টি ছাগল চুরি করেন তাঁরা। এর পর অ্যাম্বুলেন্সে করে পালানোর বন্দোবস্ত করে। ওই সময়েই দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে বিশেষ টিম তিনজনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছাগলের কোনও তথ্য পায়নি পুলিশ। গ্রেপ্তার করা হয় অ্যাম্বুলেন্স চালক আহমেদ আলি সরকার-সহ দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রপালকে।

জানা গিয়েছে, রোগী নিয়ে যাওয়ার জন্য ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতকে। সেই অ্যাম্বুলেন্স হাতিয়েই ছাগল চুরি করতে বেরিয়ে ধরা পড়েন তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে একটি অ্যাম্বুলেন্সকে গ্রামে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দাদপুর থানায়। তারপর অভিযান চালিয়ে গাড়ি-সহ চুরি যাওয়া ছাগল এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রামবাসীরা অভিযোগ করেন, আগেও ছাগল চুরি হয়েছে ওই গ্রামে। সামনেই বকরি-ইদ, তার আগে ছাগলের দাম চড়ছে। তাই এই চুরির ঘটনা। 

একইসঙ্গে অন্য একটি ঘটনায় গ্রেপ্তার আরও একজন। এদিন ২০২১ সালে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার অভিযোগে দাদপুর থানার পুলিশ হারিট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আলতাব হোসেন মল্লিককে গ্রেপ্তার করেছে।