আজকাল ওয়েবডেস্ক: দিঘায় সমুদ্র স্নানে কয়েক হাজার মহিলা। শুক্রবার রাস পূর্ণিমার দিন সমুদ্রের পাড়ে জড়ো হয়ে কেউ বা করলেন আরতি,  আবার কেউ জ্বালালেন প্রদীপ। কেউ বা আবার খঞ্জনি বাজিয়ে মেতে উঠলেন কৃষ্ণ ভজনায়। কার্তিক মাসের শেষে, এই দিনটিতে মহিলারা জড়ো হয়ে নিবেদন করলেন পুজো। 

পুজো শেষে প্রার্থনা পর্ব। সমস্ত মহিলাই প্রার্থনা করলেন মহিলাদের নিরাপত্তার জন্য। বিড়বিড় করে বললেন, বিশ্বজুড়ে নিশ্চিন্তে ও নিরাপত্তায় থাকুক সমস্ত মহিলা। বললেন, নারীশক্তি জাগ্রত না হলে সমাজের মঙ্গল হয় না। যুগে যুগে এরকম বহু উদাহরণ আছে যেখানে নারীরা দুর্গার রূপ ধরে বিনাশ করেছেন অসুরের। 

সমুদ্রে তীরে এদিন কার্যত লোকারণ্য। পাড় থেকে থেকে বেশ কিছু দূর পর্যন্ত দেখা গিয়েছে অগণিত মহিলার মাথা। তাঁদের কেউ ভক্তিভরে প্রদীপ প্রজ্জ্বলন করছেন, কেউ বা আবার স্নান শেষে সূর্য প্রণামে ব্যস্ত। মুহূর্মুহূ বেজে উঠছে ঢাক, ঢোল, কাসর। বহু মানুষ যেমন পালন করছেন আচার, প্রার্থনা করছেন। তেমনই তা দেখার জন্যও শুক্রবার সকালে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।