আজকাল ওয়েবডেস্ক: গত ৯ মে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন। এরপর ২২ দিন পার। গঠন হয়নি বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা! তবে, সেই জট এবার কাটার পথে। জানা গিয়েছে, সোমবারই (১লা জুন, ২০২৬) শুভেন্দু অধিকারী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা করা হবে।
প্রাথমিক মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ভৌগলিক ও জাতিগত ভারসাম্যের বিষয়টিকে মাথায় রাখা হয়েছিল। মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রাধান্য পাবে বলে বিজেপি সূত্রে খবর।
এখনও পর্যন্ত খবর, ৩৩ জনের রাজ্য মন্ত্রিসভা গঠন হতে চলেছে। কারা ঠাঁই পেতে পারেন? তা নিয়েই বিস্তর জল্পনা। চর্চায় স্বপন দাশগুপ্ত, তাপস রায়, শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, ড. শারদ্বত মুখার্জি, প্রণব টুডু, রুপা গাঙ্গুলি, চন্দনা বাউড়ি, জগন্নাথ চ্যাটার্জি, অশোক দিন্দা ও সুব্রত মৈত্ররা।
গত ৯ মে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল ,নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এই পাঁচ জনের মধ্যে এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বন্টন করা হয়েছে।
একনজরে কে কোন দপ্তরের দায়িত্বে?
* দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর
* অগ্নিমিত্রা পালকে- নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর
* নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দপ্তর
* ক্ষুদিরাম টুডু- অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দপ্তর
* অশোক কীর্তনীয়া- খাদ্য দপ্তর















