মিল্টন সেন,হুগলি: পদত্যাগ করলেন চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র তথা বিদায়ী বিধায়ক ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ অমিত (মুন্না) আগরওয়াল। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ২১ জন কাউন্সিলর মেয়র রাম চক্রবর্তীর কাছে ডেপুটি মেয়রের অপসারণ দাবি করে অনাস্থা পত্র জমা দেন। তার পরেই বৃহস্পতিবার পদত্যাগ করেন ডেপুটি মেয়র।
চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র ছিলেন মুন্না আগরওয়াল। এদিন প্রকাশ্যেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ মুন্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃনমূলেরই কাউন্সিলররা। মেয়র ইন কাউন্সিল পীযূষ বিশ্বাসের অভিযোগ, চন্দননগরে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু ছিল। যেটা তৃণমূল দল ঠিক করেনি। এই ব্যবস্থা চালু করেছিলেন বিধায়ক এবং ডেপুটি মেয়র। তাঁরাই সব কাজে ছড়ি ঘোরাতেন।কোনও কাউন্সিলর এমআইসি-র কাজ করতে পারেননি। দু'জনের দাপটে চন্দননগরের মানুষ অতিষ্ঠ ছিল বলে দাবী পীযূষ বাবুর। এই প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী বলেন, "মন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন, তাই তাঁর ওপর কোনও কথা বলার সাহস ছিল না। এ জন্য তিনি বরাবর আপার হ্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি উপলব্ধি করতে পারেননি কোনটা কর্পোরেশন কোনটা রাজ্য সরকার। সেই জায়গাটা থেকে কাউন্সিলরদের ক্ষোভ বিক্ষোভও ছিল। এই বিষয়টা হয়তো তিনি মন্ত্রীকেও বোঝাতে ব্যর্থ হয়েছেন।"
শেষমেশ ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। কাউন্সিলরা তাঁকে একটি চিঠি দিয়েছেন। তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী বলেছেন, "ফল খারাপ হওয়ার জন্যই উনি পদত্যাগ করে থাকেন। এই কাজ তিনি আগেও করতে পারতেন।" জবাবে এদিন মুন্না আগরওয়াল বলেছেন, "যে অভিযোগগুলো তাঁরা এখন করছেন, কর্পোরেশনের বোর্ড মিটিংয়েও সেগুলো বলার জায়গা ছিল। তাঁরা তখন বলেননি কেন। সমাজমাধ্যম ছিল কিছু বলেননি এতদিন। মন্ত্রীর সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন সকলেই বিভিন্ন অনুষ্ঠানে। আর এখন এসব কথা বললে হবে।"
এ ছাড়াও তিনি বলেন, "গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ দেখা দিচ্ছে। ক্ষোভের সময় এক হয়ে থাকতে হয়। সমস্ত কালি গায়ে মাখিয়ে নিজেরা যদি শুদ্ধ থাকতে পারেন তা হলে ভাল। আমি কাউন্সিলর পদত্যাগ করেননি। আমি মানুষের কাছে যাব। তাঁদের কথা শুনব। বিপর্যয়ের কারণ জানার চেষ্টা করব।"
চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, "মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। সবে তিনি বিধায়ক হয়েছেন। এর মধ্যেই অনেক অভিযোগ পাচ্ছেন। পুর নিগমের সব কিছুর তদন্ত করবে। বিষয়টা মুখ্যমন্ত্রীকেও জানাব।"
















