বিউ সরকার: টাটাকে ফেরাতে উদ্যোগী রাজ্য, মমতা সরকারই শিল্পের ক্ষতি করেছে, সাফ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই টাটা গোষ্ঠীকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে, তেমনটাই দাবি করলেন শিল্পমন্ত্রী । বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'টাটাকে ফেরানোর বিষয়টি নিয়ে সরকার প্রথম দিন থেকেই গুরুত্ব দিচ্ছে।' মন্ত্রী জানান, বুধবার টাটার একটি মামলা ছিল। যেখানে রাজ্য সরকারকে ৭০০ কোটিরও বেশি টাকা কম্পেন্সেশন দিতে হবে। তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের সিদ্ধান্তের জেরেই রাজ্যের এই আর্থিক বোঝা তৈরি হয়েছে। অভিযোগের  তীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকেই। 

তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শিল্প ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই টাটা গোষ্ঠীকে ফেরানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পমন্ত্রীর দাবি, 'পশ্চিমবঙ্গের মানুষও চান টাটা আবার এই রাজ্যে ফিরে আসুক।' 


টাটা-কে কেন্দ্র করে, বারেবারে আবর্তিত হয়েছে বাংলার রাজনীতি। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই, শুরু হয় শিল্পকে ফেরানোর তোড়জোড়। প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকও করেছেন পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC)-এর প্রতিনিধিরা। বৈঠকে, একদিকে যেমন সিঙ্গুর-সংক্রান্ত আরবিট্রেশন ট্রাইবুনালের রায় বাস্তবায়নের বিষয়টি উঠে এসেছে, তেমনই ভবিষ্যতে পশ্চিমবঙ্গে টাটা গোষ্ঠীর নতুন বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে নবান্ন সূত্রে তথ্য, আরবিট্রেশন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী টাটা গোষ্ঠীকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ক্ষতিপূরণ প্রদানের প্রশাসনিক ও আইনি দিক, অর্থপ্রদানের পদ্ধতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও দু'পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে সূত্রের দাবি।

শুধু অতীতের একটি প্রকল্পের নিষ্পত্তিই নয়, ভবিষ্যতের শিল্পায়ন নিয়েও ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্য সরকার। সেই কারণেই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পনীতি, অবকাঠামো, লজিস্টিক সুবিধা এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরে টাটা গোষ্ঠীকে নতুন প্রকল্পে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।