দীক্ষা ভুঁইয়া: নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই সাংসদ তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ ব্যানার্জি। প্রায় নির্ধারিত সূচির বাইরে হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা ছিল। সেখানে এনডিএ-র শরিক দল এনসিপিআইয়ের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল বলে জানা যায়। তবে শেষ মুহূর্তে সেই সফর আপাতত স্থগিত থাকতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। তার আগেই নবান্নে সুদীপ ব্যানার্জির সঙ্গে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে সরকার বা এনসিপিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, রাজনৈতিক সূত্রের দাবি, এনডিএ জোটের আগামী দিনের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি, রাজ্যে জোটের সমন্বয় এবং বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। পাশাপাশি রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও মতবিনিময় হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের রাজনৈতিক সমীকরণে একাধিক পরিবর্তনের আবহে এনডিএ শরিক দলগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ চলছে। সেই প্রেক্ষাপটে নবান্নে মুখ্যমন্ত্রী ও এনসিপিআই নেতার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।