আজকাল ওয়েবডেস্কঃ সোমবার বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ বার থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক, জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই সোমবার বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানিয়েছেন, এই নির্দেশ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। 

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সেই চিঠি পড়ে শোনান। চিঠিতে উল্লেখ, 'এ বছর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ট সমর্থক ছিলেন শ্যামাপ্রসাদ। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত। কারণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা তখনই কাজনমুখী হতে পারে যখন তা নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা কার্যকর এবং প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত, এটা নিশ্চিত করা আবশ্যক যে, ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, টিকা বা নোটিং, দাপ্তরিক চিঠিপত্র, সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এ ছাড়া নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও বাংলার ব্যপক ব্যবহার প্রশাসন এবং নাগরিকদের সম্পর্ক সুদৃঢ় করবে। এ ছাড়া, কেন্দ্রের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রে বিদেশি ভাষার পরিবর্তে বিদেশি ভাষার পরিবর্তে বাংলা বা রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। এর ফলে ভারতের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখবে।"

এই প্রেক্ষিতে শুভেন্দু বলেন, "আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে রাজ্য বা কেন্দ্রের সঙ্গে বাংলা ভাষায় যোগাযোগ করব। বাংলার পাশাপাশি হিন্দিতেও চিঠিপত্র আদানপ্রদান করব। তবে রাজ্যে মাতৃভাষার ব্যবহার আবশ্যিক করে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ কার্যকর করব।"