আজকাল ওয়েবডেস্ক: আচমকা বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল। অনিশ্চয়তার মধ্যে পড়লেন ওই জুটমিলে কাজ করা কয়েক হাজার শ্রমিক। শনিবার সকালে মিলের গেটে ‘সাসপেনশন অব ওয়ার্কস’-এর নোটি, টাঙিয়ে দেওয়ার বিষয়টি নজরে আসে শ্রমিকদের। এরপর থেকেই চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন মিলের সঙ্গে যুক্ত শ্রমিকরা।
মিল কর্তৃপক্ষের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, পাটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণেই সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের দাবি, মিলের ভিতরে এখনও বেশ কয়েকদিন উৎপাদন চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পাট মজুত রয়েছে। ফলে শুধুমাত্র পাটের অভাব দেখিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর সম্পাদক ধর্মেন্দ্র যাদব এই পরিস্থিতির জন্য প্রাক্তন তৃণমূল শ্রমিক ইউনিয়নকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিল পরিচালনা ও শ্রমিক স্বার্থ রক্ষায় একাধিক গাফিলতির ফলেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ, তাঁদের বকেয়া প্রাপ্য ও অন্যান্য আর্থিক দাবি মেটানো ছাড়াই হঠাৎ করে মিল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সংসার চালানো নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েছেন বহু শ্রমিক পরিবার। রাতারাতি কাজ হারানোর আশঙ্কায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে শ্রমিক মহলে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং মিল পুনরায় চালুর দাবিতে সরব হয়েছেন শ্রমিকরা। জুটমিল কবে ফের খুলবে! আদেও খুলবে কি না সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ফলে নৈহাটির অন্যতম এই গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।















