দীক্ষা ভুঁইয়া: কলকাতার বাসিন্দা! গাড়ি কিনতে চান। কিন্তু তার আগে পার্কিং কোথায় করবেন সেই ব্যবস্থা করুন। নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনি। ১ লা সেপ্টেম্বর থেকে বেআইনি পার্কিং য়ের জন্য গুনতে হবে জরিমানা। কারণ রাজ্য সরকার কলকাতার রাস্তায় বেআইনি গাড়ি পার্কিং রুখতে আনতে চলেছে নতুন নীতি !
শহর এবং আশপাশের এলাকার বেশিরভাগ রাস্তায় বেআইনি পার্কিংয়ের জেরে রাস্তার বেশিরভাগ অংশই চলে যাচ্ছে বেআইনিভাবে গাড়ির দখলে। বাড়ছে যানজট। এই পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে প্রশাসনিক স্তরে একাধিক নীতিগত সংস্কারের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে মালিকের নির্দিষ্ট পার্কিং সুবিধা রয়েছে কি না, তা যাচাইয়ের একটি ব্যবস্থা চালুর বিষয়ে নীতিগতভাবে আলোচনা শুরু হয়েছে।
পাশাপাশি, অনুমোদিত পার্কিং ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার লক্ষ্যে পৃথক মোবাইল অ্যাপ চালুর প্রস্তুতিও শুরু হয়েছে।
নবান্ন সূত্রের খবর, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেট, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে শহরের পার্কিং নীতি পুনর্গঠনের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বৈঠকে সিদ্ধান্ত হয়, অনুমোদিত পার্কিং ব্যবস্থাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। প্রস্তাবিত অ্যাপের মাধ্যমে নাগরিকরা খালি পার্কিং স্লটের তথ্য জানতে পারবেন এবং অনলাইনে পার্কিং ফি প্রদান করতে পারবেন। একইসঙ্গে অনুমোদিত পার্কিং ব্যবহারকারী যানবাহনের জন্য ইউনিক স্টিকার বা ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে, যাতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি দ্রুত বৈধ ও বেআইনি পার্কিং চিহ্নিত করতে পারে।
কলকাতা পুরসভা এলাকায় প্রায় ১০ হাজার পার্কিং স্পট টেন্ডারের মাধ্যমে নিয়মিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা ও রাজস্ব আদায় নিশ্চিত হয়।
বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে আইন প্রয়োগ আরও কঠোর করা হচ্ছে। ফুটপাত, নো-পার্কিং জোন এবং রাস্তায় দীর্ঘক্ষণ যানবাহন রাখার ঘটনায় জরিমানা কাঠামো পুনর্বিবেচনা করা হয়েছে। নতুন জরিমানা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করার লক্ষ্যে প্রস্তুতি চলছে এবং ট্রাফিক পুলিশকে নিয়মিত এনফোর্সমেন্ট ড্রাইভ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আর্বান চ্যালেঞ্জ ফান্ডের অর্থে একাধিক মাল্টি-লেভেল পার্কিং নির্মাণের প্রস্তাব বিবেচনায় রয়েছে। পাশাপাশি ডালহৌসি ও রুবি মোড়ে নতুন উড়ালপুল এবং মা উড়ালপুল থেকে রাজারহাট পর্যন্ত সংযোগপথ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।
















