আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার এককভাবে লড়তে চলেছে কংগ্রেস দল। দিল্লিতে বৃহস্পতিবার কংগ্রেসের হাইকমান্ড পশ্চিমবঙ্গের প্রদেশ  কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করে। 

এবিষয়ে রাজ্য কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি ডিপার্টমেন্টের চেয়ারপার্সন মিতা চক্রবর্তী বলেন, "দিল্লিতে বৃহস্পতিবার কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে এরাজ্যের কংগ্রেস নেতাদের এক বৈঠকের পর সিদ্ধান্ত হয় রাজ্যে এবার একক শক্তিতেই লড়াই করবে কংগ্রেস। ২৯৪টি আসনেই আমরা প্রার্থী দেব।‌ এরাজ্যে শেষবারের মতো কংগ্রেস এককভাবে বিধানসভায় লড়েছিল ২০০৬ সালে।" 

প্রসঙ্গত, ২০০৬ সালে রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ড. প্রণব মুখোপাধ্যায়। কার্যকরী সভাপতি ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বৃহস্পতিবার কংগ্রেসের এই 'একলা চলো'র নীতি প্রসঙ্গে প্রদীপ বলেন, "আমার মনে আছে ২০০৬ সালে আমি নিজে উদ্যোগী হয়েছিলাম রাজ্যে এককভাবে লড়াইয়ের ক্ষেত্রে। সেবছর রাজ্যে আমরা ২১টি আসনে জয়লাভ করেছিলাম।" 

জানা গিয়েছে, বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের একটি বৈঠক হয়‌। সেখানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।‌ রাজ্য কংগ্রেসের তরফে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, সাংসদ ঈশা খান, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, দীপা দাশমুন্সি প্রমুখ। বৈঠকে রাজ্য কংগ্রেস নেতাদের কাছে জানতে চাওয়া হয়, বিধানসভা নির্বাচনে লড়াইয়ের বিষয়ে তাঁদের মতামত কী? কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, উপস্থিত রাজ্য নেতৃত্বের সিংহভাগ জানান, বুথ স্তর থেকে ব্লক ও জেলা, প্রত্যেকটি কংগ্রেস নেতা-কর্মী চাইছেন এককভাবে কংগ্রেস যেন আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করে। শেষপর্যন্ত প্রদেশ নেতৃত্বের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে এবার এককভাবেই লড়াই করবে কংগ্রেস। প্রাক্তন সাংসদ ও রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরি জানান, "প্রদেশ কংগ্রেস সমীক্ষা করে দেখেছে একা লড়াই করা উচিত। মুর্শিদাবাদে কংগ্রেস একাই লড়তে পারে। বহুদিন ধরে একাই লড়েছে।" প্রসঙ্গত, ২০০৬-এর বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের মতো ২০০৯-এর লোকসভা নির্বাচনেও এরাজ্য থেকে কংগ্রেস এককভাবেই লোকসভা নির্বাচনে লড়াই করেছিল। 

 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কাকে সামনে রেখে লড়াই করবে? প্রদেশ কংগ্রেসের তরফে মিতা চক্রবর্তী বলেন, "আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এরাজ্যে কংগ্রেস যেমন লড়াই করবে তেমনি তিনি নিজেই জানিয়েছেন, রাজ্য এবছর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারের 'মুখ' হবেন অধীর চৌধুরী।"