আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে, সন্দেশখালি রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। বিজেপির বিরাট অভিযোগ, শাসক দলের সেই অভিযোগ খাণ্ডানো। মাঝের সন্দেশখালি শান্ত ছিল অনেকদিন। তবে ২০২৬-এর ভোটের আগে, ফের নজরে সেই সন্দেশখালি। বৃহস্পতিবার রাজ্যের শাসক দল, তৃণমূলে এলেন দীপালি মুকুলিয়া। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। এর  আগে, দীপালি গেরুয়া শিবিরের পতাকা হাতে নিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।

 

বৃহস্পতিবার  কেবল মুকুলিয়া নয়, তৃণমূলে যোগ দিলেন, তিনি-সহ ৪১ জন পদাধিকারী এবং নেতৃত্ব সহ মোট ২০০ জন বিজেপির নেতাকর্মী। এদিন তৃনমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভার মঞ্চে প্রধান বক্তা ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সাংগঠনিক জেলা সভাপতি লিটন, বিধায়ক সুকুমার মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব।

প্রধানমন্ত্রীর হাত থেকে পতাকা নিয়েছিলেন যিনি, তিনিই পতাকা নিলেন তাঁর হাত থেকে। এই দলবদলের পর কী বলছেন বীরবাহা ? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে, রাজ্যের বনমন্ত্রী বলেন, 'নরেন্দ্র মোদির হাত থেকে পতাকা নিয়েছিলেন ঠিক। কিন্তু বিজেপি তাঁদের ভুল বুঝিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গেই সন্দেশখালির মানুষ সেই ভুল বোঝানোর জারিজুরি ধরে ফেলেছেন। সেই কারণেই তাঁদের মোহভঙ্গ হয়েছে। এখন তাঁরা বুঝতে পারছেন মানুষের সুবিধা-অসুবিধায়, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ছাড়া গতি নেই। তাঁরাই ভাবেন মানুষের কথা।'