আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট মিটতেই মুষলধারে বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ভোটের দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল বুধবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে। সেই মতো সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শহরের দু’এক জায়গায় ঝিরঝির বৃষ্টিও হয়েছে। তবে সন্ধের পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে প্রায় সর্বত্র। লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতা–সহ মোট পাঁচ জেলায়।


হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাতে ৭০ থকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতায়। একই পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনায়। হুগলিতেও সন্ধে থেকে বৃষ্টি চলছে। শহর ও শহরতলির কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে বজ্রপাৎ।


এটা ঘটনা, অনেকেই বৃষ্টিতে সমস্যায় পড়েছেন। হাওয়া অফিস রাত ৮টার বুলেটিনে জানিয়েছে, রাতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি বাড়বে। খুব প্রয়োজন না–হলে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। খোলা মাঠ বা জলাশয়ের কাছে না থাকতে বলা হয়েছে।

 


প্রসঙ্গত, হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এছাড়া, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব–পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। যা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত ঘূর্ণাবর্তকে ভেদ করেছে। গিয়েছে বাংলাদেশ এবং অসমের উপর দিয়েও। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।


পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী কয়েক দিনে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি চলবে আরও কিছু দিন। সমুদ্রে মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। ফলে সমুদ্র উত্তাল রয়েছে। মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।