আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আরও কড়া পদক্ষেপ নিতে একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করল রাজ্য সরকার। ‘স্বচ্ছ, সুস্থ ও সবুজ বাংলা’ কর্মসূচির আওতায় শহরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি পরিষ্কার, জনসচেতনতা বৃদ্ধি এবং সাফাইকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেলা, প্লাস্টিক ব্যবহার, প্রকাশ্যে থুতু ফেলা এবং প্রকাশ্যে প্রস্রাব করার মতো অপরাধে ২০০ টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ২৪০০টিরও বেশি গারবেজ ভালনারেবল পয়েন্ট পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২,৩০০টি বন্ধ নিকাশি নালা পরিষ্কার করে জলনিকাশির ব্যবস্থা উন্নত করা হয়েছে।

এক মাসের এই বিশেষ অভিযানে ১১ হাজার নিকাশি নালা, ২,৬০০টি জলাশয় এবং ২,৮০০টি আবর্জনার স্থান পরিষ্কার ও পুনর্গঠনের কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ৩৮০টি শহরে বৃক্ষরোপণ করা হয়েছে।

সাফাইকর্মীদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। আগামী দুই মাসের মধ্যে রাজ্যের ৫০ হাজার নির্মল বন্ধু-কে ‘স্বচ্ছ কবচ’ সেফটি কিট প্রদান করা হবে।

এই কিটে থাকবে রেইনকোট, জ্যাকেট, গ্লাভস, গামবুট এবং ক্যাপ। প্রতিটি ‘নির্মল বন্ধু’ প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রতি তিন মাস অন্তর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

প্রতিটি পরিবার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে শুকনো ও ভেজা বর্জ্য আলাদা করে নির্মল বন্ধুদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নাগরিকদের আচরণগত পরিবর্তন আনতে বিশেষ সচেতনতা অভিযানও চালানো হবে।

জানানো হয়েছে, বড় বাজারগুলিতে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে। সেখানে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে কাপড়, পাটের ব্যাগ কিনতে পারবেন।

জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যের সমস্ত নগর এলাকায় মূল সড়ক, বাজার এবং জনবহুল এলাকায় প্রতিদিন দু'বার রাস্তা পরিষ্কার করা হবে। একই সঙ্গে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানের পৃথকীকৃত বর্জ্যও দিনে দু'বার সংগ্রহ করা হবে।

জানানো হয়েছে, বর্তমানে ১৬টি ULB-তে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু রয়েছে। আরও ৬৮টি ULB-তে নির্মাণকাজ চলছে, ১৮টি ULB-তে টেন্ডার প্রকাশিত হয়েছে, ২০টি ULB-তে DPR প্রস্তুতির কাজ চলছে এবং ৬টি ULB-তে জমি চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। সরকারের লক্ষ্য, মার্চ ২০২৭-এর মধ্যে ১০২টি ULB-তে এবং ডিসেম্বর ২০২৭-এর মধ্যে বাকি ২৬টি ULB-তে এই কেন্দ্রগুলি চালু করা।

ইতিমধ্যেই ১৬টি ULB-তে বায়ো-মাইনিং ও বায়ো-রেমিডিয়েশনের কাজ শেষ হয়েছে। আরও ১৭টি ULB-তে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে এবং ৭২টি ULB-তে ডিসেম্বর ২০২৭-এর মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় এই প্রকল্প ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আগামী ছ’মাসের মধ্যে রাজ্যজুড়ে ৪৪০টি কমিউনিটি টয়লেট এবং ৬৬৭টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে রাজ্য সরকার।