আজকাল ওয়েবডেস্ক: বিচারাধীন বা অ্যাডজুডিকেশন তালিকার সঠিক সমাধান করতে হবে নচেৎ ভোট বয়কট করতে পারে মালদহ জেলা কংগ্রেস। জানিয়েছেন প্রাক্তন সাংসদ ও মালদহ জেলা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।
আজকাল.ইন-কে তিনি বলেন, "অযৌক্তিকভাবে মালদহ জেলায় আট লক্ষ ২৮ হাজার ৮০ জনের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় দেখানো হয়েছে। এঁদের সবাইকে ভোটার তালিকায় যোগ করতে হবে। কারণ এই নামগুলো যোগ করেই ভোট করা উচিত। যদি এই নামগুলো যোগ করে ভোট না করা হয় তাহলে আমি কংগ্রেস নেতৃত্বকে অনুরোধ করব ভোট বয়কট করুন। কারণ, এই নামগুলো বাদ দিয়ে ভোট করলে সঠিক নির্বাচনই হবে না। এই বিষয়টি আমি কংগ্রেস নেতৃত্বকে বলব।"
এর পাশাপাশি বিষয়টি নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলনও বসতে চলেছে মালদহ কংগ্রেস। মৌসম জানিয়েছেন, "আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মালদহ শহরের গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে বসবে কংগ্রেস।"
প্রসঙ্গত চূড়ান্ত তালিকা প্রকাশের পর মালদহ জেলার ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। জেলায় অ্যাডজুডিকেশন তালিকায় নাম ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জনের। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ ২ লক্ষ ২০ হাজার ১৫৩ জন ভোটারের নাম।
যার মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ২ লক্ষ ১ হাজার ৮৭৩ জন ভোটারের নাম। নতুন করে বাদ গেল ১৮ হাজার ২৮০ জনের নাম। মালদহ জেলায় শুনানির নোটিশ পেয়েছিলেন ১০ লক্ষ ৩০০০ জন ভোটার। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন।
যদিও ভোট বয়কটের বিষয়ে মৌসমের বক্তব্য নিয়ে রাজ্য কংগ্রেস নেতৃত্ব নীরব থাকার সিদ্ধান্তই নিয়েছেন। নাম না প্রকাশের শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, ভোট বয়কট আদৌ কংগ্রেসের 'লাইন' নয়। কারণ ভোট বয়কটের অর্থ হল কাউকে ফাঁকা জমি ছেড়ে দেওয়া।
