আজকাল ওয়েবডেস্ক: ময়নাগুড়ির মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। দিনের বেলায় ৫ জনের মৃত্যুর পর, সন্ধ্যায় মৃত্যু হয় বিবেক সাহা নামে এক শিশুর। জানা গিয়েছে, সকালে এই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন শিশুটির মা পম্পা সাহা। বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। পাশাপাশি ৮ জনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমেও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে, সরকারি বাসের চালককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়িতে পৌঁছন পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেন তাঁরা। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী আনন্দময় বর্মন।

মন্ত্রী আনন্দময় বর্মন জানান, আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থাও করা হবে। তিনি আরও বলেন, NBSTC-র বাসের ফিটনেস ও চালকসংক্রান্ত একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে চালকের শূন্যপদ নিয়েও পর্যালোচনা চলছে বলে জানান তিনি। অন্যদিকে, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও। গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।