আজকাল ওয়েবডেস্ক: ৫৬ লক্ষ টাকা খোয়া গিয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তিনি। ব্যাঙ্কের তরফেই এই বিষয়ে কল্যাণকে অবহিত করা হয়েছিল। এরপরেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্ত শুরু হয়েছিল বটে। কিন্তু শেষমেশ সেই ঘটনার প্রায় এক বছর পর মিলল কিছুটা সুরাহা। অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। ধৃতের নাম মোকুলেশর রেজা। অসমের রাঙাপানি থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা।
প্রসঙ্গত, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ ব্যানার্জি। সেই সময় তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিধানসভার উপ শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই উপ শাখা এসবিআই-র হাইকোর্ট শাখার অধীন। বিধায়ক হিসাবে পাওয়া তাঁর যাবতীয় ভাতা ওই অ্যাকাউন্টেই জমা পড়ত বলে জানিয়েছেন বর্তমানে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
তবে, সাংসদ হওয়ার পর থেকে বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘ দিন কোনও লেনদেন ছিল না। ফলে অ্যাকাউন্টটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ পরিণত হয়ে যায়। অভিযোগ, সেই ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকেই টাকা চুরি যায়। জানা গিয়েছে, সাংসদের ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাটের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা প্রথমে বিধানসভার ডরম্যান্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল। পরে সেখান থেকে পুরো টাকা তুলে নেওয়া হয়। তদন্তে জানা যায়, জাল কেওয়াইসি দিয়ে ডরম্যান্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে প্রতারকরা। তারপর পুরো টাকা তুলে নেয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাঙ্কের তরফেও প্রাথমিক নিরাপত্তায় কোনও ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছিল। এরপরই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অবশেষে প্রায় এক বছর পর নতুন সরকারের আমলে অসম থেকে ধরা পড়ল এক অভিযুক্ত।













