আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলতে চলেছে নৈহাটি ও কাঁকিনাড়া জুটমিল। আগামী ৩ জুলাই থেকে নৈহাটি জুটমিলে পুনরায় উৎপাদন শুরু হতে চলেছে। 

অন্য দিকে, দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১ জুলাই থেকেই খুলছে কাঁকিনাড়া জুটমিল। এই দুই চটকল খোলার সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের আরও ১৭টি বন্ধ জুটমিল দ্রুত চালুর প্রস্তুতিও শুরু হয়েছে। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সেগুলিও একে একে খুলে দেওয়া হবে।

সোমবার কলকাতার নতুন সচিবালয়ে এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দপ্তরের শীর্ষ আধিকারিক, মিল কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর এই জট কাটে।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল এবং ব্যারাকপুরের উপ-শ্রম কমিশনার মনোজ কুমার সাহা। দীর্ঘ দিন বন্ধ থাকা এই চটকলগুলি খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবার।