আজকাল ওয়েবডেস্ক: রোহিঙ্গা বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের সাহায্য করা এবং  ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় পরিচয় পত্র তৈরি অভিযোগে দেশের ১৩ জায়গায় একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে।  তল্লাশি অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকা নগদ এবং ১৮০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্কের নথিপত্র এবং তদন্তে সহায়ক অন্যান্য তথ্যপ্রমাণও বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিকদের ভারতীয় নথি তৈরি করার একটি সংগঠিত নেটওয়ার্ক রয়েছে। তারা মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, এপিক, প্যান কার্ড থেকে শুরু করে ই শ্রম কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে বহুদিন ধরে সাহায্য করছিল।

ইডি সূত্রে খবর, অভিযানের সময় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বয়ানও রেকর্ড করা হয়েছে। উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং অর্থ লেনদেনের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছে তদন্তকারী দল।