আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে এক জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। রাত ঠিক ১১টা বেজে ১৬-১৭ মিনিট নাগাদ আচমকাই দুলে ওঠে ঘরবাড়ি। কম্পন অনুভূত হতেই কলকাতা শহরের একাধিক জায়গার আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। খাস কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি ও কোচবিহারেও এই জোরালো কম্পন অনুভূত হয়েছে। মাঝরাতের এই আকস্মিক বিপর্যয়ে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ালেও প্রাথমিকভাবে কোথাও কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
একদিকে শিলিগুড়ি জুড়ে চলছিল প্রবল বৃষ্টি, অন্যদিকে আচমকাই অনুভূত হল ভূমিকম্পের কম্পন। রবিবার রাতে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে শহর ও সংলগ্ন এলাকা। বাড়ি, অফিস এবং বহুতলের বাসিন্দারা কম্পন অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। কম্পনের প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে খবর।
এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। প্রবল বর্ষণের মধ্যেই ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হিমালয় সংলগ্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভুটান, সিকিম ও উত্তরবঙ্গে মাঝেমধ্যেই এমন কম্পন অনুভূত হয়।















