আজকাল ওয়েবডেস্ক: কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সিআরপিএফ আধিকারিকের। অসুস্থতা বোধ করায়, তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে আসা হয়।
সেখানেই মৃত্যু হয় অসুস্থ সিআরপিএফের ওই সাব-ইন্সপেক্টর নগেন্দ্র সিংয়ের(৫৬)। তিনি বিহারের জামুইয়ে সিআরপিএফ-এর ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলায় ডিউটিতে আসেন। ওই দিনই সন্ধ্যায় পিঠে ব্যাথা অনুভব করায়, সহকর্মীরা তাঁকে রাত ৯টার সময় বর্ধমান মেডিক্যালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাত ১০.৩০টায় মৃত্যু হয় তাঁর। মৃতের বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানার কাউয়ামোহন এলাকায়।
ইতিমধ্যেই বর্ধমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। সোমবার দুপুরে বর্ধমানের কার্জনগেটের কাছ থেকে বেরিয়ে থানা, বি সি রোড, পাখমারা গলি এলাকায় টহল চলছে কেন্দ্রীয় বাহিনীর।
রবিবার বিকেলে বর্ধমানে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিহারের জামুই থেকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় বর্ধমান শহরের গোদা এলাকায়।
১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গোডাউনে বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। ফুলের স্তবক দিয়ে পুলিশের পক্ষ থেকে বাহিনীকে স্বাগত জানানো হয়।
সিআরপিএফ আধিকারিক বিজয় কুমার সিং জানান, "আমরা সিআরপিএফ-এর ২১৫ নম্বর ব্যাটালিয়ন। আমাদের উদ্দ্যেশ্য এলাকা 'ডমিনেশন' করে শান্ত রাখা।"
