মিল্টন সেন,হুগলি: হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের জনগণনা-২০২৭ উপলক্ষে স্বগণনার প্রচার শুরু হল। শনিবার প্রথম পর্যায়ের সূচনা হল চুঁচুড়া রবীন্দ্র ভবন থেকে। 


ভারতের জনগণনা-২০২৭ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বগণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনাথ ভবন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কর্মসূচির সূচনা করা হয়। এদিন জনগণনার বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রচারমূলক গাড়ি উদ্বোধন করা হয়, যেখানে স্বগণনার সময়সূচি, পদ্ধতি এবং কিউআর কোডের মাধ্যমে অনলাইন স্বগণনার সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে স্বগণনা পর্ব। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত গৃহতালিকা প্রস্তুতকরণ ও জনগণনার কাজ পরিচালিত হবে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, পৌরসভা ও পঞ্চায়েত এলাকার আশা কর্মীরা, পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও।


"আমাদের জনগণনা, আমাদের বিকাশ"— এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে জনগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্ট্যান্ডিতে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই অনলাইনে স্বগণনা সম্পন্ন করার ব্যবস্থাও রাখা হয়েছে, যা ডিজিটাল পরিষেবার মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণকে আরও সহজ ও দ্রুত করবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা, সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে জনগণনা প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

&t=128s