মনিরুল হক: প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার পর দিনহাটার রাজনৈতিক মহলে নানা আলোচনা, জল্পনা অব্যাহত। এরই মধ্যে শুক্রবার কলকাতা থেকে দিনহাটার বাবুপাড়া এলাকায় নিজের বাড়িতে ফিরে এসেছেন উদয়ন গুহর স্ত্রী শাশ্বতী গুহ। তাঁর ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার উদয়ন গুহর বাড়িতে খাবার নিয়ে যেতে দেখা যায় বিজেপির নিষ্ক্রিয় নেতা দীপ্তিমান সেনগুপ্তকে। রাজনৈতিকভাবে দুই শিবিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও তাঁর এই পদক্ষেপকে অনেকেই মানবিকতার নজির হিসেবে দেখছেন। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, ঘটনাটির তাৎপর্য শুধুমাত্র মানবিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর নেপথ্যে রাজনৈতিক বার্তাও থাকতে পারে।
আর্থিক তছরুপ ও প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে উদয়ন গুহকে। বর্তমানে তিনি দিনহাটা থানার পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর গ্রেপ্তারিকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল দিনহাটার রাজনৈতিক পরিবেশ। বিভিন্ন মহলে এই নিয়ে তর্ক-বিতর্ক চলার মাঝেই তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপির দীপ্তিমান সেনগুপ্ত।
এই বিষয়ে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, বিরোধিতা থাকতে পারে। কিন্তু কোনও পরিবার যেন অসুবিধার মধ্যে না থাকে বা কেউ অভুক্ত না থাকেন, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমি খাবারের ব্যবস্থা করেছি। একজন মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য।”
দীপ্তিমানের এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিপক্ষের পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দিক। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা এক নেতার এই পদক্ষেপের সময় নিয়ে।
শাশ্বতী গুহ এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই কঠিন সময়ে বিভিন্ন মহলের সমবেদনা ও সহযোগিতা তাঁদের মানসিকভাবে শক্তি জোগাচ্ছে।
সব মিলিয়ে উদয়ন গুহর গ্রেপ্তারি পরবর্তী রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের এই মানবিক উদ্যোগ দিনহাটার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে মানবিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও আবার সামনে এনে দিয়েছে এই ঘটনা।















