আজকাল ওয়েবডেস্ক: বিজেপি করার অভিযোগে এক সময় তৃণমূলের অত্যাচারে বাড়ি ছাড়া হতে হয়েছিল গাইঘাটার পাঁচপোতা গ্রামের বাসিন্দা  গোবিন্দ বিশ্বাসকে। পাঁচ বছর পর সরকার পরিবর্তন হতে নিজের বাড়িতে ফিরলেন গোবিন্দ বিশ্বাস। গোবিন্দ বিশ্বাসের অভিযোগ তারা বিজেপি করায় পাঁচ বছর আগে তার বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব মিথ্যা মামলা করে। তাতে জেল হয় গোবিন্দর। জামিনে মুক্তি পেয়েও তিনি বাড়িতে ফিরতে পারেননি গত পাঁচ বছর ধরে পালিয়ে বেড়াতে হয়েছে তাকে। অবশেষে সরকার পরিবর্তন হওয়ায় তিনি নিজের বাড়িতে ফিরেছেন। 


গোবিন্দ বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাসের অভিযোগ, বিজেপি করার কারণে তার মা এবং স্বামীকে মারধর করে এলাকার তৃণমূল নেতারা পাশাপাশি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। কিন্তু তারপরেও রেহাই মেলেনি বাড়িতে ফিরলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় তৃণমূল নেতারা। 
গোবিন্দ বিশ্বাসের শাশুড়ি কল্পনা বিশ্বাসের অভিযোগ, সেই সময় এলাকার তৃণমূল নেতারা মারধর করে তাদের উপর অনেক অত্যাচার করেছে বাড়িঘর ভাঙচুর করে দিয়েছিল আজ বহু বছর পর নিজেদের বাড়িতে শান্তি মত থাকতে পেরে ভালো লাগছে। 


যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বিকাশ আচারিয়া এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে তিনি বলেন, গোবিন্দ বিশ্বাসের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা তাদের একটা শরিকি বিবাদ ছিল সেটা মধ্যস্থতা করতে গিয়েই আমার বিরুদ্ধে এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। যেহেতু রাজ্যে পালাবদল হয়েছে তার সুযোগ নিচ্ছে এলাকার বিজেপি নেতৃত্ব।