আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি আরও বাড়াতে একের পর এক বড় শিল্পপ্রকল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দাবি, সরকার পরিবর্তনের পর শিল্পে বিনিয়োগের প্রবণতা আরও জোরদার হয়েছে।

নবান্ন মারফত জানা গিয়েছে, চলতি মাসেই দুটি বড় শিল্পপ্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ কর্মসংস্থান ও রাজ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।

জানা গিয়েছে, আগামী ১১ জুলাই থেকে ডানকুনিতে অবস্থিত লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই সম্প্রসারণে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

নতুন করে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা কারখানার সঙ্গে যুক্ত হবে। ফলে সম্প্রসারণ শেষ হলে লাক্স ইন্ডাস্ট্রিজের ডানকুনি ইউনিটের মোট আয়তন বেড়ে প্রায় ২০ লক্ষ বর্গফুটে পৌঁছাবে।

সংস্থার এই বিনিয়োগ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, আগামী ১৮ জুলাই থেকে বাঁকুড়ার মেজিয়ায় শুরু হতে চলেছে শ্যাম স্টিলের বহু প্রতীক্ষিত কারখানা।

এই প্রকল্পে মোট ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে ইস্পাত উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে। বর্তমানে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৭ লক্ষ টন।

নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ধাপে ধাপে সেই উৎপাদন বাড়িয়ে ২০ লক্ষ টন করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় ৫০০ একর জমিরও প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে।